দেশে হামের উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি সময় পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সিলেট বিভাগে চিকিৎসাধীন ছিল।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে মোট ৪১ হাজার ২৮ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৭ হাজার ৫২৪ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৬৪৫ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার বিবেচনায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা জরুরি, বিশেষ করে শিশুদের টিকাদান ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
এম জি