ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদি ও স্থায়ী চুক্তি না হলে যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না এলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর ব্যাপক বোমা হামলা শুরু করবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আমি সম্ভবত এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। ইরানের বন্দরগুলোতে আমাদের অবরোধ কঠোরভাবে বহাল থাকবে। যদি বুধবারের মধ্যে কোনো সম্মানজনক সমাধান না আসে, তাহলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবারও বোমাবর্ষণ শুরু করতে হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যে স্থায়ী চুক্তিতে পৌঁছাতে দুই দেশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনায় যুক্ত রয়েছে।
এর আগে ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই তা শেষ হয়। পরে হোয়াইট হাউজ থেকে চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করা হলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই আশায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স
এম জি