মার্কিন অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও নিয়ন্ত্রণ জোরদার করেছে ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য সাময়িকভাবে পথ খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করেছে।
শনিবার স্থানীয় সময় দুপুরে ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি পূর্বের মতোই সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে ফিরে গেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং আইআরআইবি আইআরজিসির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সামুদ্রিক ডাকাতি’ বা জলদস্যুতার অভিযোগ তোলে। তাদের দাবি, ওয়াশিংটনের অবরোধ আন্তর্জাতিক সমুদ্রপথে লুটপাটের সমান। এর আগে তারা সতর্ক করেছিল, মার্কিন চাপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।
এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ঘোষণা দেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে তিনি নিরাপত্তার স্বার্থে নির্ধারিত রুট মেনে চলার আহ্বান জানান।
কিন্তু ওই ঘোষণার অল্প সময় পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে। এরপরই আবারও প্রণালির নিয়ন্ত্রণ কঠোর করে তেহরান।
স্বল্প সময়ের জন্য কিছু বাণিজ্যিক জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে পারলেও, ঠিক কতগুলো জাহাজ নিরাপদে পার হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি, আল-জাজিরা
এএন