আব্বাস আরাগচি

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২৬, ০৫:২৫ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ব্যয়ের বিষয়ে যুক্তরাষ্ট্র সঠিক তথ্য দিচ্ছে না। মার্কিন কর্মকর্তারা যেখানে প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচের কথা বলছেন, সেখানে আরাগচির মতে প্রকৃত ব্যয় এর চেয়ে অনেক বেশি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নেতানিয়াহুর এই অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় ইতোমধ্যে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাদের ঘোষিত অঙ্কের চারগুণ।

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধের পরোক্ষ খরচ আমেরিকান নাগরিকদের ওপর ব্যাপক প্রভাব ফেলছে। তার ভাষায়, প্রতিটি মার্কিন পরিবারের মাসিক ব্যয় ৫০০ ডলারেরও বেশি বেড়েছে এবং তা দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র যখনই ইসরায়েলকে অগ্রাধিকার দেয়, তখনই তারা নিজেরাই পিছিয়ে পড়ে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর প্রায় ৪০ দিন ধরে সংঘাত চলতে থাকে, যার প্রভাব পড়ে উপসাগরীয় আরব দেশগুলোতেও। শুরুতে ইরান ওই দেশগুলোর মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জ্বালানি অবকাঠামোতে আঘাত হানলে, ইরান পাল্টা হিসেবে আরব অঞ্চলের অবকাঠামোতেও হামলা শুরু করে।

ক্রমাগত হামলা-পাল্টা হামলার পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় পুনরায় সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এম জি