মুখ্যমন্ত্রী নির্ধারণে কলকাতায় অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৪:১৪ পিএম

পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠন এবং মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত করতে কলকাতায় শুরু হয়েছে উচ্চপর্যায়ের রাজনৈতিক তৎপরতা। 

এ লক্ষ্যে শুক্রবার ৮ মে সকালে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।

আজ দুপুরে কলকাতার বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থী ও হবু বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি। দলীয় সূত্রের দাবি, ওই বৈঠকেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।

এদিকে শনিবার ৯ মে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভার জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠান।

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে এখনও চলছে নানা জল্পনা-কল্পনা। মুখ্যমন্ত্রীর দৌড়ে আলোচনায় রয়েছেন শুভেন্দু অধিকারী, নিশিথ প্রামাণিক, অর্জুন সিং ও গৌরী শঙ্কর ঘোষ। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাই তাকিয়ে আছেন দলীয় শীর্ষ নেতৃত্বের দিকে।

অন্যদিকে, নির্বাচনে জয়ী বিধায়কদের মধ্য থেকে মন্ত্রিসভায় জায়গা পাওয়ার আলোচনায় রয়েছেন আরজি কর ঘটনার নির্যাতিতার মা রত্না দেবনাথ, উৎপল মহারাজ, রাজেশ কুমার ও দীপাঞ্জন চক্রবর্তী। দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের সমন্বয়ে শক্তিশালী মন্ত্রিসভা গঠনই দলের মূল লক্ষ্য বলে জানা গেছে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড ময়দান এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মন্ত্রিসভায় থাকতে পারে বড় ধরনের চমক।

এম জি