মার্কিন বাহিনীকে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল সৌদি-কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:৪৫ পিএম

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে স্থগিত হওয়া মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ পুনরায় শুরুর পথ প্রশস্ত হয়েছে। সৌদি আরব ও কুয়েত তাদের সামরিক ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গত ৩ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হুট করে এই অভিযানের ঘোষণা দেন, তখন রিয়াদ বা কুয়েতের মতো আঞ্চলিক মিত্রদের সাথে কোনো পূর্ব আলোচনা করেনি ওয়াশিংটন। এতে ক্ষুব্ধ হয়ে দেশ দুটি তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

মিত্রদের এই অনড় অবস্থানের কারণে ঘোষণার মাত্র দুই দিনের মাথায় অভিযান স্থগিত করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। যদিও তখন মার্কিন প্রশাসনের পক্ষ থেকে একে 'ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি' হিসেবে অভিহিত করা হয়েছিল।

ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপেও শুরুতে কোনো সমাধান আসেনি। রিয়াদের প্রধান উদ্বেগ ছিল নিরাপত্তা ঝুঁকি।

ইরানের সম্ভাব্য পাল্টা হামলার মুখে যুক্তরাষ্ট্র তাদের পর্যাপ্ত নিরাপত্তা প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছিল। তবে দীর্ঘ আলোচনার পর ওয়াশিংটনের পক্ষ থেকে জোরালো আশ্বাস পাওয়ায় অবশেষে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব ও কুয়েত।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পেন্টাগন জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই ‘প্রজেক্ট ফ্রিডম’ পুরোদমে শুরু হতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে প্রস্তুতি গ্রহণ করছে। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : ওয়ালস্ট্রিট জার্নাল

জেএইচআর