আইআরজিসি

ইরানি জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হবে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:০৭ পিএম

ওমান উপসাগরে ইরানি দুটি তেলবাহী জাহাজে মার্কিন হামলার ঘটনার একদিন পরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শনিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে কোনো ধরনের হামলা বা বাধা সৃষ্টি করা হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি এবং তাদের নৌবহরে কঠোর পাল্টা আঘাত হানা হবে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “ইরানি জাহাজ ও তেল ট্যাংকারে আঘাত এলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং শত্রুপক্ষের নৌযানে শক্ত প্রতিশোধ নেওয়া হবে।”

এর আগে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। দুই পক্ষই একে অপরের সামরিক স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলার অভিযোগ তোলে।

ইরানের দাবি, মার্কিন বাহিনী সম্প্রতি তাদের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরান তাদের ডেস্ট্রয়ার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক উদ্যোগ স্থগিত করা হলেও পারস্য উপসাগর অঞ্চলে টানটান উত্তেজনা এখনও বিরাজ করছে।

আইআরজিসির এই হুঁশিয়ারি নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএন