৭০ বছরের মধ্যে প্রথম লোকসানে হোন্ডা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১২:৪৪ পিএম

জাপানের গাড়ি নির্মাতা হোন্ডা প্রায় ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো বার্ষিক লোকসানে পড়েছে। ১৯৫৫ সালের পর এই প্রথম কোম্পানিটি এমন পরিস্থিতির মুখোমুখি হলো।

মার্চে শেষ হওয়া অর্থবছরে হোন্ডার আয় কমেছে প্রায় ১.৬ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ১০ বিলিয়ন ডলার)। এতে সম্ভাব্য ৭.৪ বিলিয়ন ডলার মুনাফার পরিবর্তে কোম্পানিটি ৪০৩.৩ বিলিয়ন ইয়েন (প্রায় ২.৬ বিলিয়ন ডলার) নিট লোকসান করেছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে নীতিগত পরিবর্তনের কারণে ইভি (বৈদ্যুতিক গাড়ি) বাজারে চাহিদা কমে যায়। আগে ইভি কেনায় ৭ হাজার ৫০০ ডলারের কর ছাড় থাকলেও তা বাতিল করা হয় এবং নির্গমন নীতিমালাও শিথিল করা হয়। এতে ইভি বিক্রি কমে যায়।

আগে ভবিষ্যৎ নীতিমালা কঠোর হবে ধরে নিয়ে গাড়ি কোম্পানিগুলো ইভিতে ব্যাপক বিনিয়োগ করেছিল। কিন্তু নীতির পরিবর্তনে সেই বিনিয়োগের বড় অংশ ক্ষতির হিসেবে দেখাতে হয়েছে।

এ পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান আবার পেট্রোলচালিত এসইউভি ও ট্রাকের দিকে ঝুঁকছে। তবে এতে ইভিতে করা আগের বিনিয়োগ পুরোপুরি ফেরত পাওয়া কঠিন হয়ে পড়েছে।

হোন্ডার পাশাপাশি জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসও ইভি খাতে চাপের মুখে রয়েছে। তবে তারা ইভি পরিকল্পনা পুরোপুরি বাদ দেয়নি, কারণ ইউরোপ ও এশিয়ায় এখনো কঠোর পরিবেশ নীতির প্রবণতা রয়েছে। এছাড়া চীনের ইভি কোম্পানিগুলোর বাড়তি প্রতিযোগিতাও বিশ্ববাজারে নতুন চাপ তৈরি করছে।

এম জি