খামেনির বিশেষ ক্ষমা, মুক্তি পাচ্ছেন হাজারো বন্দি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৮:০২ এএম
ছবি: সংগৃহীত

শিয়া মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে ইরানে ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ বা হ্রাস করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনি এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি, ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই বন্দিদের একটি তালিকা ও বিশেষ সুপারিশ সর্বোচ্চ নেতার কাছে উপস্থাপন করেন। পরে সেই প্রস্তাব অনুমোদন করেন খামেনি। এর ফলে অনেক বন্দি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন, আর অনেকের কারাদণ্ডের মেয়াদ কমিয়ে দেওয়া হবে।

তবে জাতীয় নিরাপত্তাবিরোধী গুরুতর অপরাধ, সশস্ত্র চোরাচালান এবং বিদেশি শক্তির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত ব্যক্তিরা এই সাধারণ ক্ষমার আওতার বাইরে থাকবেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে। গত ডিসেম্বর থেকে তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভ দমনে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও নৌ নিষেধাজ্ঞার কারণে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এমন বাস্তবতায় ধর্মীয় উৎসব উপলক্ষে বন্দিদের মুক্তি ও সাজা লাঘবের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

এএন