প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাংস আমদানির প্রয়োজন-পরিকল্পনা নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০২:১৮ পিএম

দেশে গবাদিপশুর মাংসের চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহে উদ্বৃত্ত থাকায় মাংস রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে দেশে মাংস আমদানির কোনো প্রয়োজন বা পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার সচিবালয়ে কোরবানির পশু এবং কোরবানি-পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে মাংসের পর্যাপ্ত উৎপাদন রয়েছে। তাই আমদানির প্রয়োজন নেই। বরং উৎপাদিত উদ্বৃত্ত মাংস রপ্তানির সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, মাংসের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পশুখাদ্য উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ঘাস চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পশুপালনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে খামারিদের প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করা হবে।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে সংখ্যা ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।

তিনি আরও বলেন, এ বছর কোরবানির পশুর চাহিদা ছিল ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। বিপরীতে বাজারে সরবরাহ ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু, যা চাহিদার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রতিমন্ত্রী দাবি করেন, সম্পূর্ণ দেশীয় উৎপাদনের মাধ্যমেই এবার কোরবানির পশুর চাহিদা পূরণ সম্ভব হয়েছে, যা দেশের প্রাণিসম্পদ খাতের সক্ষমতার একটি বড় অর্জন।

এম জি