দেড় মাসের শিশুসন্তানসহ কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আদালতে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, শিল্পী বেগম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তদন্তে পাওয়া গেছে এবং তাকে আটক রাখা প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি উল্লেখ করেন, আসামির ১ মাস ১৬ দিনের শিশুসন্তান রয়েছে এবং সিজারিয়ান অস্ত্রোপচারজনিত শারীরিক অবস্থাও বিবেচনার বিষয়।
পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে শিল্পী বেগমের জামিন আবেদন মঞ্জুর করেন। দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই চানখাঁরপুল এলাকায় আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ঘটনাকে কেন্দ্র করে তার বাসায় হামলা ও লুটপাটের অভিযোগে মামলা হয়।
ওই মামলায় গত বছরের ২৫ জানুয়ারি ভুক্তভোগীর মা শাহনূর খানম তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।
এএন