২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:২৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভাষার মাসেই আয়োজিত হতে যাচ্ছে ‘অমর একুশে বইমেলা-২০২৬’। 

বুধবার বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার উদ্বোধনের সময় আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়েছে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ২০২৬ সালের এই বইমেলাটি আগে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। মূলত আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এবং পরবর্তীতে পবিত্র রমজান মাস শুরু হওয়ায় এই পরিবর্তন আনা হয়েছিল। তবে গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনকালীন পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ওই তারিখ স্থগিত করে বাংলা একাডেমি। আজকের সভায় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রথা অনুযায়ী ভাষার মাসেই মেলা আয়োজনের ঘোষণা দেওয়া হলো।

ইএইচ