বেহুলারা আজ অস্থির—
বাংলাদেশ নামের লখিন্দর
কর্ণের নির্মম শরাঘাতে
আর মনসার বিষাক্ত সর্পাঘাতে
যন্ত্রণায় কাতর,
জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে থাকা এক দেহ।
বেহুলা, কুন্তি—
মহা মাতৃকুলের অশ্রুসিক্ত চোখে
স্ত্রীকূলের নীরব আর্তনাদে—
কে রুখবে কর্ণের তীর,
কে ঠেকাবে সর্পের ছোবল?
কে ফিরিয়ে আনবে
জীবন্মৃত বাংলার নিঃশ্বাস?
সবুজের চাদর পরা,
নীল চাঁদোয়ায় ঢাকা এই দেশ
আজ রক্তক্ষরণে ক্লান্ত।
হে প্রভু,
আমরা অরুণিমার আলোয়
একটি নতুন প্রভাতের অপেক্ষায়—
ভোরের প্রথম পাখির ডাকের মতো
একটি আশার শব্দ চাই।
এক ভালোবাসার অর্ফিয়াস কি আসবে?
ভাঙা হৃদয়ের তারে তারে
ঘুম ভাঙানোর গান গেয়ে
আমাদের জাগিয়ে তুলবে?
নাকি তার আগেই
ঈস্রাফিলের সিঙ্গার ফুঁয়ে
বিপন্নতার যবনিকাপাত হবে?
হে প্রভু,
আমাদের সবুজ প্রাঙ্গনে
শান্তির বৃষ্টি বর্ষণ করো।
এই শুদ্ধ জমিনে
শুদ্ধ মানুষ দাও—
যারা কেবল দিতে জানে,
নিতে নয়;
যারা দুহাত ভরে ভালোবাসা বিলায়- দুয়ার খোলে প্রীণন ভিলায়।
জেএইচআর