মেট্রোরেলের ভাড়া

ভারত-পাকিস্তানের চেয়ে ৪-৫ গুণ বেশি, ৫০ শতাংশ কমানোর দাবি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ১২:১৮ পিএম

আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন মেট্রোরেলের উদ্বোধন করবেন। ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে প্রথম পর্যায়ে ছুটবে মেট্রোরেল। মেট্রোরেলের ভাড়া ধরা হয়েছে প্রতি কিলোমিটার ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

মেট্রোরেলের ভাড়া বেশি ধরা হয়েছে বলে জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি। মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনের মুখপাত্র বলেন, কলকাতায় সর্বনিম্ন ভাড়া ৬ রুপি, সর্বোচ্চ ৩১ রুপি। আর ঢাকায় সর্বনিম্ন ২০ টাকা আর সর্বোচ্চ ১০০ টাকা। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের মেট্রোরেলে কিলোমিটার প্রতি ভাড়া থেকে বাংলাদেশে ৪-৫ গুণ বেশি ভাড়া ধরা হয়েছে।

কলকাতায় সড়কে সবচেয়ে কম ভাড়া মেট্রোরেলে। সেখানে যাত্রীদের কথা চিন্তা না করে আমলারা যার যার ইচ্ছামতো প্রকল্প ব্যয় বাড়ানোয়, আবার বাস মালিকদের সুবিধা করে দিতে রেলের ভাড়া বাড়ানো হচ্ছে।

যাত্রীকল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হয়, যাত্রীপক্ষের সাথে কোনো মতামত না নিয়ে ভাড়া নির্ধারণ গণবিরোধী। বেশি ভাড়ার কারণে দরিদ্র মানুষ মেট্রোরেলে উঠবে না। ভাড়ার কারণে জনপ্রিয় না হলে মেট্রোরেল প্রকল্প মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা যাত্রীকল্যাণ সমিতির।

উল্লেখ্য, গবেষণা ও সম্ভাব্যতা যাচাইয়ের ধারাবাহিকতায় ২০১৩ সালে মেট্রোরেল নির্মাণে জাপানের সঙ্গে ঋণচুক্তি করে সরকার। পরের বছর প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়নের কাজ শুরু হয়। রুট বাড়ানো ও ব্যয় বাড়ার আগে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্থাপনে চলমান এ প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এরপর কমলাপুর পর্যন্ত মেট্রোরেল এগিয়ে নেওয়ায় মোট ব্যয় বেড়ে হয় প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়।

সর্বশেষ প্রযুক্তিতে তৈরি ছয় বগির ট্রেন সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ছুটবে। প্রথম দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটারের এই পথে মেট্রোরেল সময় নেবে ২০ মিনিট। পূর্ণমাত্রায় চালু হলে এই সময় কমে আসবে ১৬-১৭ মিনিটে।

এআই