নড়াইলে মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে সুলতানি আমলের স্থাপত্যের বিভিন্ন নিদর্শন। কোথাও পাওয়া যাচ্ছে সুলতানি আমলের সিঁড়ি আবার কোথাও পাওয়া যাচ্ছে প্রাচীর।
এ বছর পহেলা এপ্রিল এ প্রত্ন ঢিবির নিচে কোন স্থাপত্য কাঠামোর ধ্বংসাবশেষ লুকায়িত আছে কি না তা জানতে পরিক্ষামূলক খনন কাজ শুরু করে প্রত্নতত্ত অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের অঞ্চলিক পরিচালকের কার্যালয়।
পরীক্ষামূলক এ খনন কাজে এখনো পর্যন্ত পাতালভেদি রাজার বাড়ির কোন সন্ধান পাওয়া যায়নি। তবে ইতোমধ্যে এখান থেকে যেসব প্রত্নবস্তু পাওয়া গেছে তা থেকে ধারণা করা হচ্ছে এটি সুলতানি আমলের গুরুত্বপূর্ণ কোন স্থাপত্যের নিদর্শন।
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে ৩২ একর জায়গা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এসব প্রত্নবস্ত। লোকমুখে কথিত আছে একসময় এ জায়গায় বাস করতেন এক পাতালভেদি রাজা। কিন্তু ইতিহাসে নড়াইলের পাতালভেদি রাজার সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায় না।
তবে ৬ষ্ঠ শতকে এখানে তাদের বসবাস ছিলো বলে ধারণা স্থানীয়দের। যুগের পর যুগ কেউ কোন খোঁজ খবর না নিলেও অবশেষে প্রত্নতত্ত অধিদপ্তরের ২০১৪-১৫ সালের জরিপে এ স্থানটি চিহ্নিত করা হয়। পরে ২০২২ সালে এটি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। গভীরভাবে খনন করলে হয়তো হারিয়ে যাওয়া আরো অনেক প্রত্নতাত্তিক নিদর্শন পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এআরএস