ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেট-ফুটবলের মতো জনপ্রিয় খেলাগুলোতে নতুন নতুন খেলোয়াড়ের যোগান দেবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
এদিকে আগামী বছরের ঢাকা মেয়র কাপের আয়োজনে বাস্কেটবল ও মেয়েদের জন্য ব্যাডমিন্টন খেলা যুক্ত করার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শুক্রবার (৮ মার্চ) বিকালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪র্থ ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এবং সভাপতির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, "একসময় ক্রিকেট খেলায় ঢাকা থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় পাওয়া যেত। এখন সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে খেলোয়াড় আসলেও ঢাকা থেকে তেমন খেলোয়াড়ই পাওয়া যায় না। কাজেই আমি মনে করি, ঢাকা মেয়র কাপের মতো এ ধরনের টুর্নামেন্টে আয়োজনের মাধ্যমে ঢাকা থেকেও অবশ্যই আমরা আমাদের জাতীয় দলের জন্য নতুন নতুন খেলোয়াড় পাবো, যারা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।"
দক্ষিণ সিটির যে কোন আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, "খেলাধুলার উন্নয়নে আমার মন্ত্রণালয় এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করে আমি সবসময় দক্ষিণ সিটির মেয়রের পাশে থাকব।"
সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, "আমাদের ইচ্ছা রয়েছে এই ঢাকা মেয়র কাপের কলেবর আরো বৃদ্ধি করার। আমরা মেয়েদের ব্যাডমিন্টন শুরু করতে চাই। পাশাপাশি বাস্কেটবলও আমরা শুরু করতে চাই। ইনশাল্লাহ আগামী বছর থেকে সেটা আমরা শুরু করতে পারব।"
ঢাকা মেয়র কাপ ঢাকাবাসীর অন্তরে ঠাঁই করে নিয়েছে উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "ইতোমধ্যে আমরা অনেকগুলো নতুন নতুন খেলার মাঠ প্রতিষ্ঠা করেছি। ফলে ঢাকা শহরের ক্রীড়াঙ্গনে আমরা আমাদের সন্তানদের মনোযোগ ও আকর্ষণ ফিরিয়ে আনতে পেরেছি। এটা আরো উচ্চতর পর্যায়ে যাবে। আগামীদিনে আমরা আরো ভালো কাজ করতে পারব বলে বিশ্বাস করি।"
বক্তব্য পর্ব শেষে (ফুটবল খেলার ফাইনাল মাঠে গড়ানোর আগে) ক্রিকেট খেলায় বিজয়ী ও বিজিত দলকে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচআর