আশ্রায়ণ প্রকল্পের আওতায় ফেনীতে বিভিন্ন ধাপে জমি ও ঘর পেলো ১৮শ ২৭টি অসহায় পরিবার। এর মধ্যে মঙ্গলবার (১১ জুন) পঞ্চম ধাপে জেলার পরশুরামে ৬০ টি, দাগনভূঞায় ৫৮টি ও সোনাগাজীতে ১১২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করা হয়েছে।
সেই সঙ্গে জেলার এ ৩টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
মঙ্গলবার (১১জুন) পরশুরামে আশ্রয়ণের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দেশের যেসব উন্নয়ন কর্মকাণ্ড চলছে তার মধ্যে সবচেয়ে বড় ও প্রশংসনীয় প্রকল্প হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর উপহার দেওয়া । আশ্রয়ণের ঘর উপহার প্রকল্পটি সারা বিশ্বে মডেল হয়ে থাকবে। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তত্ত্বাবধান করছেন।
জেলা প্রশাসক আরও বলেন, ফেনীতে এ পর্যন্ত ১ হাজার ৮শ ২৭টি পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর উপহার দেওয়া হয়েছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি চালু করেছিলেন। বঙ্গবন্ধুকে অনুসরণ করে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের ঘর ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ এর আওতায় আজ সারাদেশে জমি ও গৃহ উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে মধ্যে পরশুরামে ৬০ টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
এছাড়া পরশুরামের পৌর এলাকার বাউরখুমায় অবস্থিত পুরাতন আশ্রয়ণকে নতুনভাবে নির্মাণ করে দেওয়া হয়েছে। বাসিন্দারা ঈদের আগে নতুন ঘরে উঠতে পারবেন।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা ফিরোজ আহাম্মদ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোমেনা আক্তার, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন (ক্রাইম এন্ড অপস)।
স্থানীয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমানের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস সফিকুল হোসেন মহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, পরশুরাম মডেল থানার ওসি মো. শাহাদাত হোসাইন খানসহ প্রমুখ।
আশ্রয়ণের জমি ও ঘর উপহার পেয়ে আনন্দে আত্মহারা আবুল কালাম(৬৫) বলেন, তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পরিবারকে নিয়ে থাকার কোন ঘর ছিল না । প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর উপহার পেয়ে তার একটি ঠিকানা হয়েছে। তিনি দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।
এর আগে একইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি তিনি ২৬ জেলার সব উপজেলাসহ আরও ৭০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
পরশুরাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুদ রানা বলেন, প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবারকে দুই দশমিক ৫ শতাংশ জমির মালিকানা দিয়ে একটি আধা-পাকা বাড়ি দেয়া হচ্ছে, যা স্বামী-স্ত্রী উভয়েরই হবে। প্রতিটি বাড়িতে দু’টি বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং বারান্দা রয়েছে।
বিআরইউ