বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস-বে, যাত্রী আশ্রয়কেন্দ্র এবং ফুটওভার ব্রিজ নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’ এবং ‘অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি’ এর মধ্যে চুক্তি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোছাম্মাৎ মমতাজ বেগম। চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি’র পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মো. মাসুদ রানা।
প্রধান অতিথি বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এখন পর্যন্ত কোনো বাস স্টেশন কিংবা ফুটওভার ব্রিজ না থাকায় যাত্রীদের দৌড়ে বা হেঁটে রাস্তা পার হতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। তাই এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করতে হবে। তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনাও প্রদান করেন।
চুক্তি অনুযায়ী, বাস-বে, যাত্রী আশ্রয়কেন্দ্র এবং ফুটওভার ব্রিজ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২৭,১২,৫৮,৫৯৫.৫৫ টাকা (সাতাশ কোটি বারো লাখ আটান্ন হাজার পাঁচশ পঁচানব্বই টাকা পঁচান্ন পয়সা)। কাজটি আগামী ১৮ মাসের মধ্যে শেষ হবে।
এই নির্মাণকাজ সম্পন্ন হলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং ফুটওভার ব্রিজ পারাপারে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অ্যাঙ্কর সয়েল-এইসি জেভি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর