হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শনিবার রাতে বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ, দায়দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইনসের ফ্লাইট সেফটি প্রধানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, বিমানের করপোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি মহাব্যবস্থাপক, চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিওরেন্স), নিরাপত্তা উপমহাব্যবস্থাপক, কার্গো রপ্তানি বিভাগের উপমহাব্যবস্থাপক এবং ইনস্যুরেন্স বিভাগের উপমহাব্যবস্থাপক।
এদিকে, আগুন লাগার পরপরই বিমানের হ্যাঙ্গারে রক্ষণাবেক্ষণে থাকা উড়োজাহাজগুলো দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
ইএইচ