আইজিপি বাহারুল আলম

নেতিবাচক ইমেজ থেকে বের হওয়ার সুযোগ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৭:৫৩ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ আগামী জাতীয় সংসদ নির্বাচন। 

সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য এক চ্যালেঞ্জ। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে।

পুলিশ প্রধান বলেন, নির্বাচনকে সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সব পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিগণ উপস্থিত ছিলেন।

ইএইচ