সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে পে কমিশন। এ সংক্রান্ত বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠন নিজেদের প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১২ করার সুপারিশ করেছে।
ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, ২০১৫ সালের পর বেতন স্কেল কার্যকর হয়েছে; ২০২০ ও ২০২৫ সালে পে স্কেল হওয়া হয়নি।
এর ফলে সরকারি কর্মচারীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বেতন বৈষম্য কমিয়ে ১:৪ করার সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাইভেট খাতে বেতন বৃদ্ধি ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ বিবেচনা করে, নতুন পে স্কেলে অনেক কর্মচারীর বেতন ৫০ থেকে ৭০ শতাংশ, এমনকি কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার জানান, নতুন পে স্কেলের প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কমিশনে জমা দেওয়া হতে পারে।
জেএইচআর