উপজেলা কৃষি অফিসারের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে কলম বিরতি পালন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৩:৫৯ পিএম

বিসিএস (কৃষি) এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা কৃষি অফিসার, নকলা, শেরপুরের কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশে ‘কলম বিরতি’ পালিত হয়েছে।

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের সকল কৃষি সংশ্লিষ্ট দপ্তরে উপজেলা কৃষি অফিস, উপপরিচালকের কার্যালয়, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), হর্টিকালচার সেন্টার ও কোয়ারেন্টাইন স্টেশনসহ অন্যান্য দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একযোগে কলম বিরতি পালন করেন।

কর্মসূচিতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং হামলার প্রতিবাদে সংহতি প্রকাশ করেন। 

তারা বলেন, “একজন সৎ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তার উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, বরং এটি মাঠপর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা, মর্যাদা ও মনোবলের ওপর আঘাত।”

বক্তারা হামলার ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফার্মগেটে কলম বিরতি পালনকালে খামারবাড়ি চত্বরে কর্মকর্তা-কর্মচারী সমবেত স্থানে বক্তব্য প্রদান করেন, মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন পরিচালক উদ্ভিদ সংরক্ষণ উইং মো. আব্দুর রহিম, পরিচালক প্রশাসন ও অর্থ উইং মো. হাবিবউল্লাহ্, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, উপপরিচালক (ফল ও ফুল), হর্টিকালচার উইং মো. নূরে আলম সিদ্দিকী, উপপরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসান।

সঞ্চালনা করেন কে, এম, বদরুল হক প্রকল্প পরিচালক, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন প্রকল্প।

বক্তারা বলেন, সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

বিসিএস (কৃষি) এসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলাম হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার প্রতিবাদে ঘোষিত কর্মসূচির পরবর্তী ধাপ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করা হবে।

বিসিএস (কৃষি) এসোসিয়েশনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকার ও প্রশাসনের যথাযথ পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং সকল কর্মকর্তা-কর্মচারী নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনে সক্ষম হবেন।

ইএইচ