বেবিচকে যাত্রী ওঠানামা ব্রিজ পরিচালনা প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৯:১১ পিএম

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর উদ্যোগে সিভিল এভিয়েশন একাডেমিতে সোমবার যাত্রী ওঠানামা ব্রিজ পরিচালনা প্রশিক্ষণ (দ্বিতীয় ব্যাচ) এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দরে যাত্রী ওঠানামা ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত ১০ জন অংশগ্রহণকারী ১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলা দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মান অনুযায়ী বোর্ডিং ব্রিজ পরিচালনার দক্ষতা বৃদ্ধি, নিরাপদ অপারেশন নিশ্চিত করা এবং যাত্রী সেবা উন্নত করা। 

সনদ বিতরণী অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, “বোর্ডিং ব্রিজের সঠিক ও দক্ষ ব্যবহার যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোর্স অপারেটরদের প্রযুক্তিগত দক্ষতা ও পরিস্থিতি মূল্যায়নের সক্ষমতা বৃদ্ধি করবে।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আরিফ ও মো খোরশেদুল ইসলাম।

ইএইচ