পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৯:৩৭ পিএম

রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর আগুন লাগে। সাড়ে তিন ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে তারা আগুনের খবর পান। আগুন নির্বাপণে এখন পর্যন্ত ১৯টি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, কড়াইল বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা ও তিনতলা ঘরগুলো আগুনে জ্বলছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

বস্তির বেশিরভাগ বাসিন্দা সাধারণত পোশাককর্মী, রিকশাচালক, হকার বা দিনমজুর। আগুন লাগার সময় বিকেলে তাদের অধিকাংশই বাড়িতে ছিলেন না। সন্ধ্যার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রা পারছেন যেখানে সেখানে চাপকল বা খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বস্তির বড় অংশে আগুন ছড়িয়ে গেছে এবং ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।

বস্তির বাসিন্দারা জানিয়েছেন, আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। যারা পারছেন, তারা ঘরের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন।

ইএইচ