দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবাদ বিরোধী তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শুক্রবার (১৯ ডিসেম্বর) তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। তিনি সকলকে ওসমান হাদির পরিবারের পাশে দাঁড়ানোর এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।
ওসমান হাদির প্রয়াণে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রাত পৌনে দশটার দিকে দেওয়া এক বার্তায় তাকে 'ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় এক মহান বিপ্লবী' হিসেবে অভিহিত করে আল্লাহর দরবারে তাঁর শাহাদাত কবুলের দোয়া চাওয়া হয়।
ইএইচ