নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:০২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর প্রস্তাবিত গণভোটের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারিকৃত এক নির্দেশনায় তাকে এই কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

নতুন এই দায়িত্বের ফলে নির্বাচন ও গণভোট সংক্রান্ত সকল প্রকার প্রচারণামূলক কর্মকাণ্ড তার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে জনগণের মতামত নিতে গণভোট আয়োজনের পরিকল্পনা নিয়েছে। আলী রীয়াজের নিয়োগ এই প্রক্রিয়াকে আরও গতিশীল ও জনমুখী করবে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ