দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তনের সঙ্গী হিসেবে দেশে ফিরেছে তার পরিবারের প্রিয় সদস্য ‘জেবু’।
বৃহস্পতিবার দুপুর ১২টার পর বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জেবুর ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা দেখা দেয়।
সাইবেরিয়ান জাতের লোমশ ও দৃষ্টিনন্দন এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা। চলতি বছরের শুরুর দিকে একটি ছবিতে জেবুকে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। সেই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়লে প্রথমবারের মতো আলোচনায় আসে এই আদুরে বিড়ালটি। এরপর বিভিন্ন সময় তারেক রহমানের সঙ্গে জেবুর ছবি ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি রীতিমতো ‘সোশ্যাল মিডিয়া স্টার’-এ পরিণত হয়।
জেবুর এই আকাশচুম্বী জনপ্রিয়তা সম্পর্কে তারেক রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও এখন সেটি পরিবারের সবার প্রিয় হয়ে উঠেছে।
তিনি বলেন, “বিড়ালটি আমার মেয়ের, কিন্তু এখন এটি সবার বিড়াল হয়ে গেছে। আমরা সবাই একে খুব ভালোবাসি।”
কৌতূহলের বিষয় হলো, তারেক রহমান দেশে পৌঁছানোর ঠিক কয়েক ঘণ্টা আগেই ‘জেবু–দ্য ক্যাট’ নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ আত্মপ্রকাশ করেছে। পেজটি চালুর অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মানুষ সেখানে যুক্ত হয়ে তাদের ভালোবাসা প্রকাশ করছেন। রাজনীতির কঠিন আবহের মাঝেও জাইমা রহমানের এই প্রিয় পোষা বিড়ালটি নেটিজেনদের মাঝে এক চিলতে বিনোদন ও প্রশান্তির খোরাক জোগাচ্ছে।
ইএইচ