জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে দেওয়া বক্তব্যে তিনি জানান, আগামী ৭ জানুয়ারির পর এই মামলার নির্ভুল ও শক্তিশালী চার্জশিট দাখিল করা হবে।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রায় সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা এমন একটি নিখুঁত চার্জশিট দিতে চাই, যেখানে কোনো আইনি ফাঁকফোকর থাকবে না। অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফরেনসিক প্রমাণ ও সাক্ষ্য-প্রমাণসহ অভিযোগপত্র আদালতে পেশ করা হবে।”
তিনি আরও জানান, বর্তমান সরকারের মেয়াদকালেই এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
পলাতক আসামিদের বিষয়ে তিনি বলেন, কিছু আসামি দেশের বাইরে পালিয়ে গেলেও তাদের বিচার এড়ানোর কোনো সুযোগ নেই। বিশেষ করে যারা ভারতে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে, তাদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে এবং নয়াদিল্লি এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রয়োজনে আসামিদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া সচল রাখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
তদন্তের কৌশলগত কারণে সব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, “আমরা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি, তাই গোপনীয়তা রক্ষা জরুরি।
তবে এ বিষয়ে আগামীকাল সকাল ১০টা ১৫ মিনিটে ডিবি পুলিশ বিস্তারিত সংবাদ সম্মেলন করবে।” হাদির পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে উল্লেখ করে তিনি দেশবাসীকে ন্যায়বিচারের আশ্বাস দেন।
ইএইচ