সপ্তম গণবিজ্ঞপ্তিতে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি এনটিআরসিএর

আবু তাহের প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:২৫ পিএম

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট নিরসনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এবার প্রায় ৬৮ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চাহিদাপত্র পাঠিয়েছে এনটিআরসিএ।

এনটিআরসিএ’র প্রশাসন বিভাগ সূত্রে জানা গেছে, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৭২ হাজারের বেশি শূন্যপদের তালিকা তৈরি করা হয়েছিল। তথ্যের সঠিকতা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ডাটাগুলো যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে বর্তমানে ৬৮ হাজার প্রকৃত শূন্যপদ পাওয়া গেছে, যেগুলোর বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

এনটিআরসিএ’র একজন কর্মকর্তা জানান, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই শেষে অনুমোদন মিললেই দ্রুত সময়ের মধ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে, ২০২৫ সালের ১৭ জুন এক লাখ ৮২২টি পদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৪১ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের সুপারিশ করা হয়। এনটিআরসিএ সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই ৬৮ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর হবে।

জেএইচআর