শহীদ আসাদ দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
মঙ্গলবার শহীদ আসাদের স্মরণে এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, তার আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে দেশের জন্য নিজের দায়িত্ব পালন করতে এবং সত্যের পক্ষে দাঁড়াতে যুগে যুগে উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস খুবই তাৎপর্যপূর্ণ।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে শহীদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। সেই থেকে দিনটি আসাদ দিবস হিসেবে পালিত হচ্ছে।
সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হন আরো অনেক। শহীদ আসাদের এ আত্মত্যাগ চলমান আন্দোলনকে বেগবান করে। স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণী-পেশার মানুষ রাজপথে নেমে আসে এবং এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়, যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। পতন ঘটে আইয়ুব খানের।
দিনটি উপলক্ষে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হবে।
এএন