আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে নির্বাচন নিয়ে সন্দেহ ও সমালোচনা করা আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তিনি বলেন, “যারা নির্বাচন নিয়ে দ্বিধা-সন্দেহ ছড়াচ্ছে, তারা অল্পসংখ্যক মানুষ। অনেকে বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে নানা কথা বলছে। সাহস থাকলে দেশে এসে বলুক। আগামী নির্বাচনে যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যায়, তাহলে তাদের মুখে কালি পড়বে।”
মঙ্গলবার বিকেলে সাভারের তেতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, ফায়ার সার্ভিস, গ্রাম্য পুলিশ ও বাংলাদেশ স্কাউটের সমন্বয়ে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও যোগ করেন, “নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে। জনগণের ভোটই হবে চূড়ান্ত রায়।”
র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি বিবেচনাধীন রয়েছে। সময় ও প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন ঘিরে মাঠপর্যায়ে নিরাপত্তা ও সমন্বয় কার্যক্রম সন্তোষজনক বলেও মন্তব্য করেন তারা।
এএন