আজ রাজধানীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষি প্রযুক্তি হস্তান্তর: গবেষণা থেকে মাঠ পর্যায়ে প্রযুক্তি পৌঁছে দেওয়ার কৌশল’ বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা শীর্ষক এই সেমিনার আয়োজিত হয়।
কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মোঃ মসীহুর রহমান এই সেমিনারের সভাপতিত্ব করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফ এম পি ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ এরশাদুল হক।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. আব্দুস সাত্তার। কৃষি প্রযুক্তি বা এগ্রো টেকনোলজি ট্রান্সফার সফল করতে আধুনিক কৌশলের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক মো. রওশন আলম। এ ছাড়াও কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য কর্মকর্তা বি এম রাশেদুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক প্রধানগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এই আলোচনায় অংশগ্রহণ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, কৃষি প্রযুক্তি হস্তান্তর সফল করতে হলে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সম্প্রসারণ সংস্থা এবং কৃষকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও জানান, কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে বিভিন্ন দপ্তরের সমন্বয় করতে পারে। তথ্যের সেতুবন্ধনের মাধ্যমে আধুনিক সময়োপযোগী প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সেমিনার শেষে কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন উইংয়ের আটজন কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁদের কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
জেএইচআর