প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন। একই দিন বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার একযোগে একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ওইদিন সকালে পদক হস্তান্তর করবেন এবং বিকেলে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তুলে দেওয়া হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই আয়োজন দেশের সংস্কৃতি ও সৃষ্টিশীলতায় নতুন প্রাণ যোগ করবে।
জানা গেছে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন। দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্যই ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য যে, এর আগে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। একুশে পদক রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রদান করা হচ্ছে।
এ বছর একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম এবং সংগীতে মরণোত্তর পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু। এ ছাড়াও নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ এই সম্মাননা পাচ্ছেন। দলীয়ভাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
পুরস্কারের নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেককে এককালীন নগদ চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, একটি রেপ্লিকা এবং সম্মাননাপত্র প্রদান করা হবে। এ বছর সাহিত্য বিভাগে কোনো মনোনয়ন প্রকাশ করা হয়নি। গত বছরের জুলাই মাস থেকে শুরু হওয়া মনোনয়ন প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল গত ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়।
জেএইচআর