প্রতিরক্ষা হিসাব কার্যালয়সমূহ পরিদর্শন করলেন সিএজি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:০৫ পিএম

বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) জনাব মো. নূরুল ইসলাম ঢাকা সেনানিবাসস্থ বিভিন্ন প্রতিরক্ষা হিসাব কার্যালয় সরেজমিনে পরিদর্শন করেছেন। সামরিক পেনশন এবং অন্যান্য সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার তিনি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া, এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স ও চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়সমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯ এর যথাযথ প্রতিফলন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পেনশনারসহ সকল সেবা গ্রহীতাদের প্রাপ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সিএজি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন যে সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না।

পরিদর্শনকালে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) সহ সংশ্লিষ্ট কার্যালয়সমূহের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা খাতের আর্থিক ব্যবস্থাপনা এবং পেনশনারদের দুর্ভোগ লাঘবে এই পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর