ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ভারতে আটক দুই ব্যক্তির বিষয়ে ঢাকাকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি দিল্লি।
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সরকার তৎপর রয়েছে। আটককৃতদের সাথে দেখা করার জন্য কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে ‘কনস্যুলার অ্যাক্সেস’-এর আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কলকাতার পক্ষ থেকে কোনো ফিরতি জবাব পাওয়া যায়নি।
শামা ওবায়েদ বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভারতীয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আমাদের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ভারতের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।
তিনি আরও যোগ করেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই তাদের ফিরিয়ে আনা হবে এবং কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, গত শনিবার পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। এসটিএফ-এর তথ্যমতে, ফয়সাল পটুয়াখালীর এবং আলমগীর ঢাকার বাসিন্দা। ফয়সাল হাদি হত্যা মামলার এক নম্বর আসামি হিসেবে অভিযুক্ত।
জেএইচআর