বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শহীদ ডা. মিলন হলে প্রধান অতিথি হিসেবে বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, আইটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান এবং পূবালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও জনাব মোহাম্মদ আলী।
সভাপতি ছিলেন বিএমইউর বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন ও ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ও অটোমেশন কার্যক্রমের প্রেজেন্টেশন দেন ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সভাপতি ও হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, এ্যানেসথেশিয়া, এ্যানালজেশিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (মানবসম্পদ) মোঃ মাসুদ রানা প্রমুখ।
সঞ্চালনা করেন ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সদস্য সচিব ডা. এ এস এম নওরোজ। শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠান শেষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম ওপিডি-২ এ ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন।
অটোমেশনের ফলে রোগীরা একই স্থানে টেস্টের টাকা জমা দিয়ে নিকটস্থ কাউন্টারে স্যাম্পল দিতে পারবেন। এতে রোগীদের ভোগান্তি কমবে, দ্রুত রিপোর্ট পাওয়া সম্ভব হবে এবং অনলাইনে রিপোর্ট দেখা যাবে।
মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, “পৃথিবী অনেক দূর এগিয়েছে, আমাদেরও এগিয়ে যেতে হবে। সেবার গুণগত মান বৃদ্ধি করতে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন অপরিহার্য। এটি ল্যাব এক্রেডিটেশনে সহায়ক হবে এবং রোগীদের ভোগান্তি দূর করবে। এছাড়া মেডিক্যাল সেক্টরের প্রতিটি স্তরে ‘এ আই’ ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিহার্য। সংশ্লিষ্টদের এই বিষয়ে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।”
অন্যান্য বক্তারা বলেন, “ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন দুই যুগেরও বেশি সময়ের প্রত্যাশা পূরণ করেছে। উন্নত ল্যাবরেটরি সেবার বিকল্প নেই। ইতোমধ্যে বহির্বিভাগে রোগীরা অনলাইনে টিকেট ও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন এবং লক্ষাধিক রোগী ইতোমধ্যে তা ব্যবহার করেছেন। ধাপে ধাপে বিএমইউর সমস্ত প্রয়োজনীয় কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হবে।”
এএন