মাতুয়াইল ল্যান্ডফিল হচ্ছে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্ক, বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৪৮ পিএম

প্রধানমন্ত্রীর 'ক্লিন সিটি ও গ্রিন সিটি' রূপকল্প বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলকে একটি আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্কে’ (DRCP) রূপান্তর করা হচ্ছে। 

বৃহস্পতিবার নগর ভবনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সাথে কোরিয়ান প্রতিষ্ঠান ‘B & F Company’-এর এক মতবিনিময় সভায় এই মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় প্রতিদিন উৎপাদিত প্রায় ৩৫০০ টন বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘থ্রি-আর’ (Reduce, Reuse, Recycle) নীতি অনুসরণ করে বর্জ্যকে সম্পদে রূপান্তর করাই এর মূল উদ্দেশ্য। প্রস্তাবিত মাস্টারপ্ল্যান অনুযায়ী, মাতুয়াইল ল্যান্ডফিলের পুরাতন ১০০ একর জায়গা থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ল্যান্ডফিল গ্যাস ও সৌরশক্তি ব্যবহার করে বছরে প্রায় ১ লক্ষ ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে পাইলট ভিত্তিতে স্থাপিত সেন্টারে দৈনিক ৩০০ টন গৃহস্থালী বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস, কম্পোস্ট সার, বায়োফুয়েল, ইকো-ব্রিকস এবং বিশেষ জ্বালানি উৎপাদন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাৎসরিক ৫ লক্ষ ১৫ হাজার টন কার্বন নিঃসরণ হ্রাস করা সম্ভব হবে, যা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিএসসিসি প্রশাসক জানান, এই পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দক্ষিণ সিটির সম্পূর্ণ বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব হবে। এটি ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কোরিয়ান কারিগরি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

জেএইচআর