জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১০:২৪ এএম

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। 

সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করবেন। সারা দেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ বিশ্লেষণ করা হবে এই সভায়।
 
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

চাঁদ দেখার তথ্য সরাসরি জানাতে নির্দিষ্ট কিছু টেলিফোন নম্বর ব্যবহার করা যাবে— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরগুলো সচল থাকবে।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার সংবাদ জানানো যাবে।

এএন