দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং জনগণ প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারবেন।
ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, গত বছরের তুলনায় বর্তমানে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে, যাতে দেশের অভ্যন্তরীণ চাহিদা নির্বিঘ্নে পূরণ করা যায়।
সংবাদ সম্মেলনে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখা হয়েছে।
জনগণের স্বার্থে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে।”
তিনি আরও বলেন, ঈদের ছুটির কারণে গত দুই দিন জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় কিছু এলাকায় চাপ তৈরি হয়েছিল।
তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং সরবরাহ ব্যবস্থাও পুরোপুরি চালু রয়েছে।
বিদ্যুৎমন্ত্রী জনগণকে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত না করার আহ্বান জানিয়ে বলেন, “আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রয়োজন নেই। পর্যাপ্ত মজুত রয়েছে, সবাই নিয়মিতভাবে তেল পাবেন।”
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ঈদ-পরবর্তী সময় ও শিল্পকারখানার চাহিদা বিবেচনায় রেখে সরকার জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।
এএন