জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানো হয়েছে এই ফুয়েলের দাম। মঙ্গলবার নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। সে হিসাবে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা।
সংস্থাটি জানিয়েছে, নতুন এই দাম মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি শূন্য দশমিক ৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার করা হয়।
এএন