বিএএইউবি শিক্ষাবর্ষের নবীন বরণ ও শিক্ষা কার্যক্রম শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৫৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএএইউবি)-এর লালমনিরহাট ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম সেমিস্টারের নবীন বরণ ও শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। রোববার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে “Freshers’ Welcome Ceremony-2026” সফলভাবে সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমডোর এম নিয়ামুল কবীর উপস্থিত নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও চিত্র প্রদর্শিত হয়। এতে নবাগত শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবিত ড্রোনের মাধ্যমে আকাশে উড়ন্ত ব্যানার প্রদর্শন করে শিক্ষার্থীদের স্বাগত জানানো। অভিনব এই আয়োজনে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাব ও স্টল পরিদর্শনের ব্যবস্থা করা হয়, যেন তাঁরা নিজেদের একাডেমিক পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যাভিয়েশন সেক্টরের জন্য দক্ষ জনবল তৈরিতে এই নবীন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জেএইচআর