বিএমইউর উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:৫২ পিএম

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। 

সোমবার প্রথম কর্মদিবসে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এর আগে রোববার তিনি উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সোমবার সকালে উপাচার্যের কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক (অস্থায়ী) উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় নবনিযুক্ত উপাচার্য বলেন, "বিএমইউর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। এই প্রতিষ্ঠানের সুনাম যেমন আছে, তেমনি কিছু সমস্যাও বিদ্যমান। আমাদের প্রধান লক্ষ্য হবে বিদ্যমান জনবলের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে চিকিৎসাসেবা ও গবেষণাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।" তিনি বিশ্ববিদ্যালয়ের ক্লিনার থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তা সবাইকে সততা, নিষ্ঠা ও হাসিমুখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিভাগীয় চেয়ারম্যান ও মেডিকেল অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, রোগীদের প্রতি চিকিৎসকদের ইতিবাচক মনোভাবই সেবার মূল ভিত্তি। আগামী ছয় মাসের মধ্যে আমরা একটি দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনতে চাই। প্রথম কর্মদিবসেই তিনি হাসপাতালের বহির্বিভাগ পরিদর্শন করেন এবং কেবিন ব্লকে চিকিৎসাধীন কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়া এক রোগীর স্বাস্থ্যের খোঁজ নেন।

উল্লেখ্য, গত ৯ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে ৪ বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করে।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ১৯৮২ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৮৯ সালে এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক, আইইডিসিআর-এর অধ্যাপক এবং সাবেক আইপিজিএমএআর-এর রেসিডেন্ট ফিজিশিয়ানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাবেক সেক্রেটারি জেনারেল এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন মেডিকেল রিসার্চ ও প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর দক্ষ নেতৃত্বে বিএমইউ শিক্ষা ও গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর