স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
তিনি বলেন, এলজিইডির এই কম্পোনেন্টের আওতায় সাতক্ষীরা, ভোলা ও বরগুনা এই তিনটি পাইলট জেলায় দুর্যোগ-পরবর্তী ক্ষয়ক্ষতির ডাটাবেজ ও ভূ-স্থানিক তথ্য ব্যবহারের মাধ্যমে তথ্য-প্রমাণভিত্তিক ঝুঁকি শনাক্তকরণ, পরিকল্পনা প্রণয়ন এবং লক্ষ্যভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ন্যাকম-ও-ক্রিডস জেভির টিম লিডার প্রফেসর ড. হাসান মাহমুদ দুর্যোগজনিত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ পদ্ধতি এবং কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
এতে পরিবেশ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি), পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নিয়ে মতামত প্রদান করেন।
এ সময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান; তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আখতার হোসেন, মো. গোলাম মওলা; ক্রিম্প-ক্রিলিক প্রকল্পের পরিচালক মো. আব্দুল খালেক; ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা; সহকারী প্রকৌশলী অর্পণ পালসহ ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকরা উপস্থিত ছিলেন।
এএন