শাহজালাল বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:১০ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা জানান। এর মাধ্যমে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বাড়বে, আকাশসীমার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নিরাপত্তা ঝুঁকি কমবে। আধুনিক প্রযুক্তির সহায়তায় ট্রাফিক মনিটরিং ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেবিচক-এর সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়া বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে এবং থ্যালেস দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস বুভেরো।

প্রধান অতিথি আফরোজা খানম, এমপি বলেন, আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। তিনি ফ্রান্স সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা বিমান চলাচলকে আরও নিরাপদ ও কার্যকর করবে এবং আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

সচিব ফাহমিদা আখতার, এনডিসি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন এসেছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার দেশের আকাশপথ ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করেছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের সহযোগিতা এ খাতে পারস্পরিক আস্থার প্রতিফলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ. কে. খন্দকার-এর এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এএন