ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৩১ পিএম

গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৬। 

শনিবার আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতার ফুটবল ফাইনালে মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) এবং আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মাদারীপুর আনসার ব্যাটালিয়ন ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ভলিবল খেলায় মানিকগঞ্জ (৩৬ বিএন) দলকে পরাজিত করে নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন (২১ বিএন) চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে কাবাডি খেলায় সফিপুর (২৭ বিএন) দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম। এছাড়া ডিএমএ পরিচালক মো. আসাদুজ্জামান গনী, এজিবি পরিচালক মো. আইয়ুব আলী, মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এ সময় প্রধান অতিথি বলেন, এ ধরনের প্রতিযোগিতা সদস্যদের শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতা খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

এএন