সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ইউএস-বাংলার একটি নিয়মিত ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
সকাল ১০টা ২৫ মিনিটে বিমানবন্দর থেকে বাসে করে যশোরের শার্শা উপজেলার উলাশীর উদ্দেশে রওনা হন তিনি। সেখানে বেলা সাড়ে ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে পুনঃখননস্থলে আয়োজিত সুধী সমাবেশেও অংশ নেন তিনি।
এরপর সেখান থেকে ফিরে বেলা সোয়া একটায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিতে অংশ নেন।
দুপুর দেড়টায় তিনি যশোরের প্রায় পৌনে দুইশ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। পরে যশোর সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
দিনশেষে রাত ৮টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার যশোরে প্রথম সফর বলে জানানো হয়েছে। পাশাপাশি গত তিন মাসে এটি তার দ্বিতীয় যশোর সফর; এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।
এম জি