সংসদে মন্ত্রী

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি সম্পূর্ণ ও নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। ওই দিন মন্ত্রীদের প্রশ্নোত্তর সংক্রান্ত বিষয়গুলো টেবিলে উপস্থাপন করা হয়।

প্রশ্নে রুহুল আমীন দুলাল জানতে চান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং গণহত্যার শিকার ব্যক্তিদের একটি তালিকা করা হবে কি না।

জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা মোট ছয় হাজার চারশত আশি জন। এর মধ্যে বিভিন্ন শ্রেণিতে শহীদদের সংখ্যা হলো, বেসামরিক শহীদ তিন হাজার ছয়শত আটানব্বই জন, সশস্ত্র বাহিনীর শহীদ এক হাজার পাঁচশত একচল্লিশ জন, সীমান্তরক্ষী বাহিনীর শহীদ আটশত সতেরো জন, পুলিশ বাহিনীর শহীদ চারশত তেইশ জন এবং আনসার বাহিনীর একজন শহীদ। এছাড়া গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা পাঁচশত ষাট জন।

তিনি আরও জানান, মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষ গণহত্যার শিকার হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের একটি পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা তৈরি করা সম্ভব হয়নি। তাদের আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীনতা অর্জন করেছে।

মন্ত্রী বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী নিবিড় গবেষণার মাধ্যমে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধের সব শহীদ ও গণহত্যার শিকার মানুষের একটি নির্ভুল তালিকা তৈরি করা সম্ভব হবে এবং তাদের আত্মত্যাগ যথাযথ মর্যাদা ও স্বীকৃতি পাবে।

এম জি