প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:০৫ পিএম

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরা হয়। এ সময় বৌদ্ধ নেতারা প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়া।

আলোচনায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

এম জি