প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:৪৪ পিএম

সিনিয়র বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে এক অতিরিক্ত সচিবসহ ১১ জন যুগ্ম সচিব পাকিস্তানে যাচ্ছেন। এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখা থেকে প্রকাশিত আদেশ অনুযায়ী, এসব কর্মকর্তা পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেবেন।

প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৪ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত চলবে। আদেশে আরও বলা হয়েছে, কর্মকর্তারা ৪ মে’র কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন।

প্রশিক্ষণকালীন সময় এবং যাতায়াতকালকে দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য করা হবে।

এছাড়া আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণের সম্পূর্ণ ব্যয় পাকিস্তান সরকার বহন করবে। ফলে এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় হবে না।

প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে এবং পাঁচ দিনের মধ্যে বিদেশ প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।

এম জি