আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের প্রতিপাদ্য হলো- ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। সাংবাদিকরা পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শুরু হবে, যা তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে ৯টায় তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। তথ্য অধিদপ্তর গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত তথ্য জানিয়েছে।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীরা দিনটি উদযাপন করে আসছেন।
দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতার মৌলিক নীতিগুলোকে তুলে ধরা হয়, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা পর্যালোচনা করা হয় এবং স্বাধীনতায় যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার শপথ নেওয়া হয়। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী সাংবাদিকদের স্মরণ করা হয় এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
স্বাধীন ও নির্ভীক গণমাধ্যম ছাড়া গণতন্ত্র, মানবাধিকার ও স্বচ্ছ উন্নয়ন সম্ভব নয়- এই বার্তাই আজ বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।
এএন